রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনায় শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির (জাপা) জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়েছেন। তবে পুলিশের দ্রুত তৎপরতায় হামলাকারীরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়নি। হামলার সময় হামলাকারীরা পার্টির অফিসের প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙে ফেললেও পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় জাতীয় পার্টির অফিসের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিক্ষোভকারীরা সরে যাওয়ার সময় নগরীর ডাকবাংলো মোড়ে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে এবং স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক এসকে রাশেদ হামলার বিষয়টি স্বীকার করে জানান, ‘‘জাতীয় পার্টি অফিসের সামনে গেলে সেখানে উপস্থিত নেতাকর্মী এবং পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।’’
এ ঘটনায় খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, ‘‘গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মিছিল সহকারে জাতীয় পার্টি অফিসের সামনে আসেন। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনার সময় অফিসের সাইনবোর্ড ভেঙে ফেলা হয়েছে, তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
এ হামলার পেছনে মূল কারণ হিসেবে গণ অধিকার পরিষদ নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল বলে দাবি করেছে।
এ ঘটনার পর খুলনা শহরের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত থাকলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

