ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের মুক্ত মঞ্চ ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে একদল দুর্বৃত্ত এই ভাঙচুর চালায়। এতে মঞ্চসহ বিদ্যালয়ের আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়।
প্রতিবাদে রোববার (৩১ আগস্ট) বেলা ১২টায় বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে শিক্ষার্থী ও এলাকাবাসী। মানববন্ধনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কেওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান লাবু, ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান ইমাম, শিক্ষার্থী সুমি আক্তারসহ অনেকে। তারা বলেন, “বিদ্যালয়ের ওপর একের পর এক হামলা ও চুরি হচ্ছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের ভবিষ্যৎ গড়ার জায়গা। এভাবে বারবার নৈরাজ্য চলতে দেওয়া যায় না।”

