আবদুল জলিল, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর ভাঙনরোধ ও পূর্বপাড়ের ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক “যমুনা উপজেলা” গঠনের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকার ৬ নম্বর নৌকাঘাটে যমুনার তীরে এই মানববন্ধনের আয়োজন করে যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ।
মানববন্ধনে নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, চালিতাডাঙ্গা, মনসুর নগরসহ ছয়টি ইউনিয়নের কয়েকশ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, যমুনার পূর্বপাড়ের চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা বরাবরই অবহেলিত। ভাঙন, দুর্যোগ ও যাতায়াত সংকটে থাকা এই জনপদের উন্নয়নের জন্য পৃথক উপজেলা গঠন এখন সময়ের দাবি।
তারা অভিযোগ করে বলেন, প্রতি বছর ভাঙনে ঘরবাড়ি হারিয়ে চরবাসী নিঃস্ব হয়ে পড়ে। স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত যমুনা উপজেলা গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, প্রকৌশলী সুমন, প্রকৌশলী সাইফুল্লাহ আল গালিব, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষাবিদ আবুল কালাম মাস্টার ও প্রভাষক মোদাচ্ছির রহমান প্রমুখ।

