নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডে বিএমটিএফ আর্মি ফার্মা মাঠে আয়োজিতব্য মেলা ও লটারির নামে জুয়ার বিরুদ্ধে জেলা প্রশাসক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।
স্মারকলিপিতে স্থানীয়রা অভিযোগ করেন, মেলা ও লটারি আয়োজনের আড়ালে প্রকাশ্যে জুয়ার আসর বসছে, যা সমাজে নৈতিক অবক্ষয় ডেকে আনছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন, যানজট, শব্দদূষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। পূর্ববর্তী অনুরূপ মেলার অভিজ্ঞতা তুলে ধরে তারা বলেন, এতে বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং পারিবারিক অশান্তি সৃষ্টি হয়।
এছাড়াও স্মারকলিপিতে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে:
- মেলায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা
- শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা চলাকালীন সময় বিবেচনায় এনে মেলার সময়সীমা নির্ধারণ
- লটারির নামে কোনো ধরনের জুয়া নিষিদ্ধ করা
- যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ
- অতিরিক্ত শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নামাজের সময় শব্দ সম্পূর্ণরূপে বন্ধ রাখা
- কোনো অশ্লীল সাংস্কৃতিক অনুষ্ঠান না করার নিশ্চয়তা
এলাকাবাসীর ভাষ্য, এসব পদক্ষেপ না নেওয়া হলে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হবে এবং সামাজিক ও অর্থনৈতিক সংকট আরও গভীর হতে পারে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
স্মারকলিপি প্রদানকারীদের মধ্যে ছিলেন আহমেদ সাদিকুর রহমান, গাজিয়া আবু বকর, রফিকুল আলম, মহাব্বত খান, আজিজুল হক মিঠু প্রমুখ।

