মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত প্রতিবেশী শাহীন কুলি (৪০) পলাতক।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির বাবা আব্দুল মোতালেব জানান, শাহীন কুলি তার মেয়েকে ও আরেক শিশুকে কার্টুন দেখানোর কথা বলে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। অন্য শিশুটি পালিয়ে আসতে পারলেও তার মেয়ে আসতে পারেনি। এরপর শাহীন তার মেয়েকে ধর্ষণ করে। গুরুতর অবস্থায় শিশুটিকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্ত শাহীনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে এর আগেও ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ছিল। ওই ঘটনায় গ্রেপ্তার হয়ে তিনি কারাভোগও করেছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

