আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)
রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-৫। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জয়কৃষ্ণপুর মধ্যপাড়া ও বর্ধনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—জয়নাল আলী (জয়কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের রেজ্জাক আলীর ছেলে), মজনু মোল্লা (একই এলাকার মৃত শুকুর মোল্লার ছেলে) এবং মতিউর রহমান (বর্ধনপুর গ্রামের আব্দুল গনির ছেলে)।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

