Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে কৃষকের রোপিত ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

আবদুল জলিল, সিরাজগঞ্জ
সেপ্টেম্বর ২, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

আবদুল জলিল, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পরানপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের রোপিত আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সবুর কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি একই গ্রামের তছের আলীসহ চারজনের নাম উল্লেখ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পরানপুর গ্রামের আব্দুল গফুর আকন্দের ছেলে কৃষক আব্দুস সবুর হরিনাথপুর মৌজার ২৮৯৫ দাগের ১৪ শতাংশ জমিতে আমন ধানের চারা রোপণ করেন। পাশের জমির মালিক তছের আলী দীর্ঘদিন ধরে ওই জমির মধ্যে ৭ শতাংশ জমির মালিকানা দাবি করে আসছেন। অভিযোগে বলা হয়েছে, আব্দুস সবুর যতবারই জমিতে চারা রোপণ করেন, ততবারই তছের আলীর লোকজন গোপনে চারাগুলো নষ্ট করে দেন। সর্বশেষ গত ৩০ আগস্ট সকালে রোপিত চারা উপড়ে ফেলেন তছের ও তার লোকজন। এ সময় আব্দুস সবুর বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সোমবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, উক্ত জমির চারা পানিতে ভাসছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে কিছু চারা কাদায় পুঁতে রাখা হয়েছে। আশপাশের জমির চারাগুলো সবুজ থাকলেও বিতর্কিত জমির চারাগুলো বিবর্ণ হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সবুর বলেন, “আমি নিষেধ করলে ওরা আমাকে মেরে লাশ গুম করার হুমকি দেয়। বলে, জমি ছেড়ে দিতে হবে নয়তো খারাপ হবে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি এবং উপজেলা কৃষি অফিসেও জানানো হয়েছে।”

এ বিষয়ে অভিযুক্ত তছের আলী মুঠোফোনে বলেন, “আমরা সবুরের বাবার কাছ থেকে ৩২ বছর আগে জমি কিনেছি। দলিল, খারিজ সব আছে। আমরাই বরং ক্ষতিগ্রস্ত। চারা নষ্টের অভিযোগ মিথ্যা।”

উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, “অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।