মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় মাকে অচেতন করে তিন মাস বয়সী এক কন্যাশিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। চুরি হওয়া শিশু মারিয়াম স্থানীয় মাওলানা রফিকুল ইসলামের মেয়ে।
স্বজনদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশুটির মা কানুন আক্তার তাকে কোলে নিয়ে ঘর থেকে বের হন। বাড়ির সামনের সড়কে পৌঁছানোর পর হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে জ্ঞান ফিরে দুপুরে কানুন আক্তার একাই বাড়িতে ফিরে আসেন। শিশুটি তখন আর তার সঙ্গে ছিল না। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে শুরু হয় খোঁজাখুঁজি এবং পরে থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
এলাকাবাসী ধারণা করছেন, এটি অজ্ঞানপার্টির কাজ হতে পারে।
প্রতিবেশীরা বলেন, “মেয়ে নিয়ে বের হয়ে একা ফিরে আসা খুবই কষ্টের বিষয়। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”
শিশুটির দাদা মাওলানা রফিকুল ইসলাম বলেন, “আমার আদরের নাতনিকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। তার দ্রুত সন্ধান চাই। যারা এই ঘৃণ্য কাজ করেছে, তাদের বিচার চাই।”
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন,
“খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শিশুটির মা ঘর থেকে বের হয়ে একা ফিরে আসেন—এই সময়ের মধ্যেই কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”

