কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাতজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি জানান, হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট ৮টি অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংস্থা বলছে, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
এর আগে ইনুকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাগারে রয়েছেন।
আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন হাসানুল হক ইনু। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

