পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সারাদেশের সব সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত। এর আগে, ৩০ নভেম্বর তারা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছিলেন।
সকালে কর্মবিরতিতে অংশ নিয়ে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে সমবেত হন আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আন্দোলনরত নেতারা জানান, সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য সব ডিপ্লোমাধারীরা বর্তমানে ১০ম গ্রেডে বেতন-ভাতা পাচ্ছেন। কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনো ১১তম গ্রেডে বহাল রয়েছেন।
নেতৃবৃন্দ আরও জানান, ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন থাকলেও নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, দাফতরিক চিঠিপত্র ও সব ধরনের কাগজপত্র জমা দেওয়ার পরও বিষয়টি অযথা বিলম্বিত হচ্ছে এবং নানা জটিলতা সৃষ্টি করা হচ্ছে। দাবি আদায় না হলে আগামী ৪ ডিসেম্বর থেকে সম্পূর্ণ শাটডাউন পালনের ঘোষণা দেন তারা।
এদিকে, হাসপাতালের জরুরি বিভাগকে কর্মবিরতির বাইরে রাখা হয়েছে। তবে বহির্বিভাগে সেবা বন্ধ থাকায় সকালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি পোহাতে দেখা গেছে। সময় বাড়ার সাথে সাথে এই দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

