নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় জোরদারের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে সভার সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
সভায় পুলিশ কমিশনার নির্বাচনের সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকল সংশ্লিষ্ট সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি নির্বাচনী সহিংসতা, অপপ্রচার বা বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি, গাজীপুর সিটি কর্পোরেশন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, সিভিল সার্জন, জেলা নির্বাচন অফিসার, র্যা ব, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি-১ গাজীপুরের প্রতিনিধি, জিএমপির উপ-পুলিশ কমিশনার এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।
সভায় নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

