সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সুষ্ঠু নির্বাচনকে ঘিরে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। তিনি বলেন, এসব ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার পাইকপাড়ায় বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম মিরাজ।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, জুলাই আন্দোলনে নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করে দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছে। তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

