মো.শাফায়েত হোসেন, বান্দরবান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে বান্দরবানে সেনা জোনের উদ্যোগে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বান্দরবান সেনা জোন মাঠে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি-এর নেতৃত্বে এই মহড়া পরিচালিত হয়।
ব্রিফিং শেষে সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ দল জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও স্থাপনায় মহড়া চালায়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি প্রদর্শন করা হয়।
ব্রিফিংকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে ইতোমধ্যে প্রয়োজনীয় কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা, নির্বাচন সংশ্লিষ্ট অবকাঠামো ও ভোটকেন্দ্রগুলোতে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বেসামরিক প্রশাসনকে সহায়তা করাই বাহিনীগুলোর প্রধান দায়িত্ব। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
এ সময় তিনি জানান, ৩০০ নং বান্দরবান সংসদীয় নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর ৪৫০ জন, বিজিবির ১০০ জন এবং র্যাবের ৫০ জন সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।

