Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় দু’চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের ১০৪টি কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অধিকাংশ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কয়েকজন প্রার্থী সকালে ভোট দিলেও দুপুর পর্যন্ত ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসুদ এবং বিএনপি প্রার্থী মাহবুব রহমান শামীম ভোট দেননি।

ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুব রহমান শামীম হরনী ইউনিয়নের ৮নং কেন্দ্রের ভোটার এবং শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বুড়িরচর ইউনিয়নের শহীদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার।

অন্যদিকে, হরিণ মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম ও ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী তানবীর উদ্দিন রাজিব তাদের ভোট দিয়েছেন। তারা উভয়েই হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার। অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বলে জানা গেছে।

ভোটগ্রহণ চলাকালে কয়েকটি বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাও ঘটেছে। সকালে চরঈশ্বরের গামছাখালী এলাকায় দুর্বৃত্তদের হামলায় বিটিভির রিপোর্টার মিরাজ উদ্দিন ও তার মোটরসাইকেল চালক সাকিব আহত হন। এছাড়া দুপুরের দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডে হামলায় এনসিপি সমর্থক ফয়সাল আহত হয়েছেন।

ভোটের আগের রাতে বিভিন্ন এলাকায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। চানন্দী ইউনিয়নে ছুরিকাঘাতে যুবদল নেতা জসিম উদ্দিন আহত হন। নিঝুম দ্বীপে হামলায় ছাত্রদল আহ্বায়ক সমিরসহ কয়েকজন আহত হয়েছেন। বুড়িরচর এলাকাতেও সংঘর্ষে কয়েকজন আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভোটারদের মধ্যে উৎসাহও লক্ষ্য করা গেছে। পৌরসভার ৮নং ওয়ার্ডের ফখরুদ্দিন সজিব বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট দিতে পেরে ভালো লাগছে।” চরকিং এলাকার জিয়াউর রহমান খোকন জানান, সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে তিনি সন্তুষ্ট।

তবে চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে তুলনামূলক কম ভোটার উপস্থিতি দেখা গেছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, দু’চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৮৭৫ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩০৯ জন। এ আসনে মোট প্রার্থী রয়েছেন ১০ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।