পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন–এর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু।
রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত মহিউদ্দিন মল্লিক নাসির (৬০) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা। আহত অপর ব্যক্তি রিয়াজ উদ্দিন মল্লিক নিপুও একই এলাকার বাসিন্দা।
আহতদের ভাষ্য অনুযায়ী, রাত ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুজনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠান।
ডা. রাজিব পাইক জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। তাদের মধ্যে একজন দুই পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, নির্বাচনের পরবর্তী সহিংসতার অংশ হিসেবে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

