Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি: শুধু বিএনপি নয়, আওয়ামী লীগের জনগণও আমাকে ভোট দিয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজা বলেছেন, “শুধু বিএনপিই নয়, কাজিপুরের আওয়ামী লীগের জনগণও আমাকে ভোট দিয়েছেন। বিশেষ করে সংখ্যালঘু (হিন্দু) সম্প্রদায়ের একটি ভোটও ধানের শীষের বাইরে যায়নি। তবে আমাদের দলের কিছু নেতাকর্মীর অসদাচরণের কারণে ধানের শীষের ভোট কিছুটা কমে গেছে।”

মঙ্গলবার বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমি কাজিপুরের সবার এমপি। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়েই কাজিপুরের উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে চাই। এজন্য আপনাদের সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সংসদ সদস্য সেলিম রেজা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমি জনগণের এমপি। কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে আমাকে ফুল ছিটানোর দরকার নেই। এ ধরনের সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত।” তিনি কাজিপুরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।

চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়, চালিতাডাঙ্গা মহিলা কলেজ ও আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মহসিন রেজা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ফুল ও ক্রেস্ট দিয়ে সংসদ সদস্যকে বরণ করে নেন। এ সময় প্রতিষ্ঠান প্রধানদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত এমপি।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংসদ সদস্যের পিতা ও কাজিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আফজাল হোসেন সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে কয়েক হাজার মানুষ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।