Nabadhara
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে চাঁদা না পেয়ে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ

ফেনী প্রতিনিধি
মার্চ ৪, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে সাবেক এমপি হাজী রহিম উল্লাহর ভাই মৎস্য খামারি ব্যবসায়ী হাজী সিরাজুল হকের বাড়িতে লুটপাট শেষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে তার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদর কাছে জীবনের নিরাপত্তা চেয়েছেন। অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী-৩ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য বর্তমানে কারাবন্দী হাজী রহিম উল্লাহর ছোট ভাই হাজী সিরাজুল হক মুহুরী প্রজেক্ট এলাকায় মাছ চাষের ব্যবসা করেন। গত ৭ ফেব্রুয়ারি তার স্ত্রী ও সন্তানরা খামারের মালামাল আনতে গেলে স্থানীয় সোহেল, জলহস্তি শাহীন, আসিফ, মোশাররফ, কেফায়েত ও আরিফের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এ সময় হাজী সিরাজের স্ত্রী ও ছেলে বিপ্লবকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় এবং বিপ্লবের ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়।

পরিবারের অভিযোগ, মোটরসাইকেল ফেরত দেওয়ার শর্তে সন্ত্রাসীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে বসতঘরে আগুন দেওয়ার হুমকি দেয়।

মঙ্গলবার গভীর রাতে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল হাজী সিরাজের বাড়িতে হামলা চালায়। অভিযোগ রয়েছে, তারা আড়াই মাস বয়সী এক শিশুকন্যাকে জিম্মি করে আলমারি ভেঙে ১৩-১৪ ভরি স্বর্ণালংকার ও নগদ আট লাখ টাকা লুট করে। পরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বসতঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। সোনাগাজী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মফিজুর রহমান অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার দুপুরে সোনাগাজী পৌর শহরের রাজমহল রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজী সিরাজুল হকের ছেলে, ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী মো. বিপ্লব দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তার মা আনোয়ারা বেগম, বোন শারমিন আক্তার ও আইরিন আক্তার উপস্থিত ছিলেন। আনোয়ারা বেগম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত আসামিদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত না করলে এলাকায় আরও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।