নোয়াখালী প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) নোয়াখালী জেলা বিএনপির সদস্য এড. রবিউল হাসান পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামাল উদ্দিনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং দলের নেতাকর্মীদের তাকে সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
পরে জানা যায়, গত ৩ এপ্রিল বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে জামাল উদ্দিনের উশৃঙ্খল কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস-এর বিরুদ্ধে অবান্তর অভিযোগ তোলে। ওই সময় সংসদ সদস্য বরকত উল্লা বুলু উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি শান্ত করতে সকলকে আহ্বান জানান।
উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস জানান, যারা তার বিরুদ্ধে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তিনি বলেন, “আমি জেলা বিএনপির যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং প্রয়োজন অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করব।”
অন্যদিকে, জামাল উদ্দিন দাবি করেছেন, তিনি দেওয়া জবাবের কোনো মূল্যায়ন হয়নি এবং বিষয়টি তিনি যথাযথভাবে উপস্থাপন করেছেন।

