গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার আলেম সমাজের সাথে জেলা বিএনপির সিনিয়র সদস্য ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে টরকি বন্দরের বার্থী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মীয়, সামাজিক ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বিশেষ করে সমাজে নৈতিক অবক্ষয় রোধ, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে আলেম সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আলহাজ্ব আবুল হোসেন মিয়া তার বক্তব্যে বলেন, “আলেম সমাজ আমাদের সমাজের পথপ্রদর্শক। তাদের দিকনির্দেশনা ছাড়া একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। আজকের এই মতবিনিময় সভার মাধ্যমে আমরা সমাজের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার করছি।
দ্বীনি শিক্ষার প্রসার, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা এবং সামাজিক অবক্ষয় রোধে আলেম সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর, নৈতিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব।
সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুল বাতেন, টরকি বন্দর জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল কাইয়ুম হারুনী, বার্থী মাদ্রাসার মোহতামিম মাওলানা আমিনুল ইসলাম, কসবা আল্লাহর মসজিদের ইমাম মুফতি ফয়জুল্লাহ আল ফয়সাল, টরকি বন্দর জামে মসজিদের সাবেক সভাপতি মো. শাহজাহান শরীফ, বিএনপি নেতা মো. হাকিম সিকদার, ইকরা মাদ্রাসার শিক্ষক হাফেজ হাবিবুল্লাহসহ আলেম-উলামা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

