Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক কৃষক, কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবুল হোসেন মিয়া। তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রযুক্তিনির্ভর চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে PARTNER প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃষিকে লাভজনক করতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। PARTNER প্রকল্পের মাধ্যমে কৃষকরা এখন শুধু উৎপাদক নন, বরং পুষ্টি সচেতন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠছেন।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা বলেন, আলফাডাঙ্গার মাটি ও মানুষ কৃষির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। আধুনিক প্রযুক্তি ও পরামর্শ কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে কৃষি বিভাগ। ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা নিজেরাই সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে নিচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কংগ্রেসে সফল কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির প্রদর্শনী, উচ্চমূল্যের ফসল চাষ পদ্ধতি, সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং কৃষি উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কারিগরি সেশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী কৃষকরা সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কৃষির বহুমুখী উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ কংগ্রেস আলফাডাঙ্গার কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আধুনিক প্রযুক্তি গ্রহণে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।