Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা, নাটক প্রদর্শন

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় যুব-নেতৃত্বে জলবায়ুতে ক্ষতিগ্রস্ত মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, সবুজ উদ্যোক্তা তৈরি, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিতের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) সকালে বাগেরহাট সদর উপজেলা হলরুমে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশ।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ড. মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী, বাগেরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. জাহিদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পাটওয়ারী এবং শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুছ সাকিবসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

এছাড়া পুলিশের সাইবার ইউনিট, মহিলা বিষয়ক অধিদপ্তর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবসহ বাঁধনের শতাধিক যুব সদস্য সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও অতিবৃষ্টির ফলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন কমে যাচ্ছে। এর ফলে কর্মসংস্থানের সংকট তৈরি হচ্ছে এবং গ্রাম থেকে শহরে মানুষের স্থানান্তর বাড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

এডভোকেসি সভার মূল উদ্দেশ্য ছিল সরকারি সেবার মানোন্নয়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট অংশীজনদের আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করা। পাশাপাশি যুব ও নারীবান্ধব বাজেট বরাদ্দ, নিরাপদ সুপেয় পানি, টেকসই বেড়িবাঁধ এবং সাইবার নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় যুব সদস্যরা নাটক প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সম্ভাব্য সমাধানের প্রস্তাবনা উপস্থাপন করেন। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বক্তারা আরও বলেন, যুব উন্নয়ন ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সহজ শর্তে ঋণ প্রদান, বাস্তবমুখী প্রশিক্ষণ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি বাজার বিশ্লেষণ, চাহিদা নিরূপণ, বাজার সংযোগ এবং ব্যবসায়ী সমাজের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়।

সভা পরিচালনা করেন মাহফুজ মাঝি। এ সময় প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, একশনএইড বাংলাদেশের প্রতিনিধি সুমন আচার্য্য এবং প্রজেক্ট অফিসার সানি জোবায়েরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে যুবদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।