সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনে উত্তম কৃষি পদ্ধতি (GAP) বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ব্র্যাক বাগেরহাট রিজিওনাল অফিসের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার পরিবেশক ও খুচরা বিক্রেতারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় আমন মৌসুমের উপযোগী ধানের জাত নির্বাচন, গুড এগ্রিকালচার প্র্যাকটিস (GAP)-এর মূলনীতি এবং মাঠপর্যায়ে এর কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, পরিবেশবান্ধব কৃষি চর্চা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক মো. মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান এবং কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুদ। এছাড়া ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর ও রিজিওনাল ম্যানেজারসহ প্রায় ৬৫ জন পরিবেশক ও খুচরা বিক্রেতা অংশ নেন।
বক্তারা বলেন, উত্তম কৃষি পদ্ধতি অনুসরণ এবং বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে মাটির স্বাস্থ্য রক্ষা, ফসলের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। তারা আরও বলেন, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের মাধ্যমে এই আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া গেলে কৃষি খাতে টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে নিরাপদ কৃষি চর্চা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে।

