গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় গাঁজা পাচারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১ মে) রাত ৯টার দিকে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বরকত সরদার পাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন— রাঙ্গামাটি জেলার নানিয়াচর উপজেলার ইসলামপুর গ্রামের নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার অলিপুর গ্রামের মোঃ লিটন (২৭) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (২৫)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুর, মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে র্যাব ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, মামলা দায়ের শেষে গ্রেফতার তিন আসামিকে শনিবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

