গোপালগঞ্জ প্রতিনিধি
সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (০২ মে) বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনে গোপালগঞ্জ জেলার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নিচ্ছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
উদ্বোধনের প্রথম দিনেই অনুষ্ঠিত হয় ফুটবল খেলা, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

