নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে জাতীয় উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ সূচনা হয়েছে গাজীপুরে। দেশের অন্যান্য জেলার মতো গাজীপুরেও এই কর্মসূচির উদ্বোধন করা হয় ভার্চুয়াল সংযোগের মাধ্যমে। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সময়ে সিলেট জেলা স্টেডিয়াম-এ আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের অনুষ্ঠান এবং সরাসরি ভার্চুয়াল সম্প্রচার।
গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ডিডিএলজি আহামদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি কাজী সাইয়েদুল আলম বাবুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজিরসহ প্রশাসন ও ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ প্রদান করা হবে। এর মাধ্যমে জাতীয় ক্রীড়াঙ্গনে গড়ে উঠবে নতুন প্রজন্মের দক্ষ খেলোয়াড়। পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ-সবল জাতি গঠনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াবিদ, প্রশিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। উদ্বোধনের মধ্য দিয়ে গাজীপুর জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণের নতুন অধ্যায়ের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

