কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এস এম জিলানী বলেছেন, কবি সুকান্ত ভট্টাচার্য তার কবিতার মাধ্যমে সমাজের বৈষম্য, ক্ষুধা ও বঞ্চনার চিত্র তুলে ধরেছেন এবং প্রতিবাদের ভাষা সৃষ্টি করেছেন। সেই আদর্শকে ধারণ করেই মাদকমুক্ত সমাজ গড়তে হবে।
রোববার কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সুকান্তের কবিতায় গরিব-ধনীর বৈষম্য, ক্ষুধার্ত মানুষের আর্তনাদ এবং একটি মানবিক সমাজ গড়ার স্বপ্ন ফুটে উঠেছে। তার এই আদর্শ আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি।” তিনি আরও বলেন, বর্তমান সমাজে মাদক একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, স্থানীয় শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ভাবুক এবং সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে সামনে রেখে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করা হবে।
উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন কবি সুকান্ত ভট্টাচার্য। তার পৈত্রিক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। ১৯৪৭ সালের ১৩ মে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি।
প্রতি বছর কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পৈত্রিক ভিটায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। এ ধারাবাহিকতায় চলতি বছরও একই আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজকরা।

