Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পানিতে ডুবে যাওয়া ধান দেখে জমিতেই কৃষকের মৃত্যু, শোকে স্তব্ধ অষ্টগ্রাম

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মে ৩, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে যাওয়া পাকা ধানের ক্ষতি দেখে জমিতেই জ্ঞান হারিয়ে মারা গেছেন আক্তার হোসেন (৫৮) নামে এক কৃষক। শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার খাওয়ারপাড় হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আক্তার হোসেন উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর গ্রামের বাসিন্দা। তিনি মৃত দুদব আলীর ছেলে। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, আক্তার হোসেন একজন বর্গাচাষী ছিলেন। নিজের জমি না থাকায় ঋণ নিয়ে প্রায় ৫ একর জমি বর্গা নিয়ে ধান চাষ করেন তিনি। এর মধ্যে দুই একর জমির ধান কাটলেও টানা বৃষ্টিতে তা নষ্ট হয়ে যায়। বাড়ির খলায় রাখা ধানে চারা গজিয়ে পচে দুর্গন্ধ ছড়ায়। অবশিষ্ট জমির ধানও হাওরের পানিতে তলিয়ে গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জমিতে গিয়ে নিজের ফসল তলিয়ে যেতে দেখে তিনি হতাশ হয়ে পড়েন। সন্ধ্যার দিকে হঠাৎ জ্ঞান হারালে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আমিনুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগজনিত কারণ বা স্ট্রোকে তার মৃত্যু হতে পারে।

দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতের পরিবারের সহায়তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

এদিকে হাওরের ফসলহানিতে উপজেলার হাজারো কৃষক চরম বিপাকে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, আক্তার হোসেনের মৃত্যু হাওরাঞ্চলের কৃষকদের দুঃখ-দুর্দশার নির্মম বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা এই কৃষকদের জীবনে এটি যেন এক গভীর বেদনার প্রতিচ্ছবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।