নোয়াখালী প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি পেয়েছে নোয়াখালী জেলা ছাত্রদল। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনের সাবেক সহ-সভাপতি এনবিএস রাসেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আনোয়ার হোসেন রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দীন রনি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন।
শনিবার (২ মে) মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। একইসঙ্গে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা আশা করছেন, নতুন নেতৃত্ব জেলার সকল ইউনিট পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করে আসছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। ভবিষ্যতে ছাত্রদলের প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।
এদিকে সভাপতি এনবিএস রাসেল বলেন, তিনি অতীতে শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং ভবিষ্যতেও সে ধারা অব্যাহত রাখবেন। কেন্দ্রীয় নেতৃত্ব তার ওপর যে আস্থা রেখেছে, সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

