শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। দুই দিন পেরিয়ে গেলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
শুক্রবার সকালে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিঙ্গাইরা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত ভ্যান চুরির সন্দেহে ওই ব্যক্তিকে আটক করে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার জাতীয় পরিচয়পত্র না থাকায় এখনো পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় শনিবার রাতে স্থানীয় চৌকিদার কামাল চৌকিদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। পিবিআই তার আঙুলের ছাপ সংগ্রহ করলেও কোনো মিল পাওয়া যায়নি। তার ছবি গণমাধ্যমে প্রকাশ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ আরও জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে তারা ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা আছে।
শরীয়তপুর সদর হাসপাতাল-এর আরএমও মিতু আক্তার জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় এক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।
এদিকে স্থানীয়দের দাবি, ভ্যান চুরির সন্দেহে উত্তেজিত হয়ে জনতা ওই ব্যক্তিকে গণপিটুনি দেয়, যা পরে মৃত্যুর ঘটনায় রূপ নেয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

