নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আমিনুল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বে যোগ দেন।
দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ব্রি আঞ্চলিক কার্যালয়, সোনাগাজীর চিফ সাইন্টিফিক অফিসার ও প্রধান হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ প্রায় ২৮ বছরের কর্মজীবনে তিনি ইনস্টিটিউটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চুউরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ড. আমিনুল ইসলাম। তিনি ১৯৮৪ সালে এসএসসি (বিজ্ঞান) এবং ১৯৮৬ সালে এইচএসসি (প্রথম বিভাগ) পাস করেন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বিএসসি এজি অনার্স ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৩ সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএস এবং ২০১৩ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (এনএআরএস)-এর আওতাধীন অন্যতম জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করছেন।
গবেষণা ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে তার ৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি গবেষণার কাজে ফিলিপাইন, মরক্কো, যুক্তরাজ্য, ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
ব্যক্তিগত জীবনে ড. আমিনুল ইসলাম তিন সন্তানের জনক।
এদিকে তার নিয়োগকে কেন্দ্র করে ব্রি-তে অভ্যন্তরীণভাবে দুটি পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। নিয়োগের পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিষ্ঠানটিতে আন্দোলনও চলছে বলে জানা গেছে।

