ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সেনা সদস্যের বাড়িতে হামলা এবং ফলজ গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিবেশীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর সখিপুর ইউনিয়নের কবির হাজানদার কান্দি গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান বেপারী (৬২) জানান, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ৫ মে সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষরা তাদের বাড়ির সীমানা ঘেঁষে থাকা বেশ কিছু ফলজ গাছ কেটে ফেলে এবং বেড়া ভেঙে ক্ষয়ক্ষতি করে।
ভুক্তভোগী পরিবার জানান, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সৈনিক মো. গোলাম মোর্তজা বর্তমানে দায়িত্বে থাকা অবস্থায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়।
অভিযোগে আরও বলা হয়, বাধা দিতে গেলে অভিযুক্তরা উত্তেজিত আচরণ করে এবং হুমকি প্রদান করে। এতে পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ঘটনায় আলী মিয়া বেপারী (৭০), দীল মোহাম্মদ বেপারী (৬০), মহন বেপারী (৫৫), কামাল বেপারী (৩৮), কুদ্দুস বেপারী (৪০) ও রাকিব বেপারী (৩০)-এর নাম উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত আলী মিয়া বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের সীমানা সংলগ্ন গাছগুলো রাস্তা ও চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে গাছগুলো কাটা হয়েছে। আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করা হচ্ছে।”
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মোফাজ্জল হোসাইন বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের জমি বিরোধ দ্রুত সমাধান না হলে এলাকায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

