Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উরি র‌্যাংকিংয়ে প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মে ৮, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বাস্তব প্রয়োগে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাইলফলক স্থাপন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস ফর ইনোভেশন (উরি) র‌্যাংকিং ২০২৬-এর “অর্থনৈতিক উন্নয়নমুখী প্রযুক্তি হস্তান্তর (ফিনান্সিয়াল ইমপ্যাক্ট-ড্রাইভেন ট্রান্সফার টেকনোলজি)” ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। একই সঙ্গে বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও জায়গা করে নিয়েছে গাকৃবি। বৈশ্বিক এ তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪৭০তম।

বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ই একমাত্র প্রতিষ্ঠান, যা এ স্বীকৃতি অর্জন করেছে। গত ৭ মে উরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৬ সালের র‌্যাংকিং প্রকাশ করে।

জানা গেছে, বিশ্বের উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়নের জন্য মোট ২৪টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়। প্রতিটি ক্যাটাগরি মূল্যায়ন করা হয় উদ্ভাবনী ধারণা, বাস্তবায়নের সক্ষমতা এবং বাস্তব প্রভাব—এই তিনটি সূচকের ভিত্তিতে।

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে গাকৃবির এ সাফল্য নতুন নয়। উরি র‌্যাংকিং ২০২৫-এ প্রযুক্তি ও উদ্ভাবনে অবদান রাখা বিশ্বের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৭৭তম। একই বছর বিশ্বের শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবির অবস্থান ছিল ৩৩১তম, যা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।

এছাড়া টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাংকিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতেও দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে গাকৃবি। টিএইচই ২০২৫-এর লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ২০২৫ ও ২০২৬ সালের টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও শীর্ষে রয়েছে গাকৃবি।

অন্যদিকে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাংকিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বাক্ষর রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

র‌্যাংকিংয়ে এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “আজকের এই অর্জন শুধু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, এটি বাংলাদেশের সম্ভাবনারও এক উজ্জ্বল প্রতিচ্ছবি। সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জের মধ্যেও আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমের আন্তর্জাতিক স্বীকৃতি এটি।”

তিনি আরও বলেন, “গবেষণাকে মানুষের জীবনের সঙ্গে যুক্ত করে দেশের উন্নয়ন ও বৈশ্বিক সমস্যার সমাধানে কাজ করাই আমাদের লক্ষ্য। আন্তর্জাতিক এ স্বীকৃতি আমাদের সেই পথচলাকে আরও সুদৃঢ় করবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।