Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাকৃবিতে প্রো-ভিসি পদে বহিরাগত নিয়োগের গুঞ্জনে মানববন্ধন, অভ্যন্তরীণ শিক্ষক নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মে ১১, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে বহিরাগত কাউকে নিয়োগ না দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মানববন্ধন থেকে শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই যোগ্য, অভিজ্ঞ ও প্রশাসনিক দক্ষতাসম্পন্ন অধ্যাপক থাকা সত্ত্বেও বাইরে থেকে কাউকে নিয়োগের উদ্যোগ শিক্ষকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রো-ভিসি নিয়োগের গুঞ্জন বিশ্ববিদ্যালয় পরিবারে অস্থিরতা সৃষ্টি করেছে। তারা দাবি করেন, গাকৃবির দীর্ঘদিনের অভিজ্ঞ ও সিনিয়র শিক্ষকরা প্রশাসনিক নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য। বহিরাগত কাউকে এ পদে নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক পরিবেশ, গবেষণা কার্যক্রম ও প্রশাসনিক স্থিতিশীলতা ব্যাহত হতে পারে।

শিক্ষক নেতারা আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিভাজন ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিতে পারে, যা উচ্চশিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ সমিতির সিনিয়র ও জুনিয়র শিক্ষকবৃন্দ।

সমাবেশে প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান নয়, এটি দেশের কৃষি শিক্ষা ও উদ্ভাবনের অন্যতম আলোকবর্তিকা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির সুনাম রয়েছে। তাই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে অভ্যন্তরীণ যোগ্য ও পরীক্ষিত শিক্ষকদের মূল্যায়ন হওয়াই যৌক্তিক প্রত্যাশা।”

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, “বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, একাডেমিক সংস্কৃতি ও গবেষণার ধারাবাহিকতা বজায় রাখতে এমন নেতৃত্ব প্রয়োজন, যারা প্রতিষ্ঠানের বাস্তবতা, সংকট ও সম্ভাবনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।”

মানববন্ধন শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থ, স্থিতিশীলতা ও একাডেমিক অগ্রগতির কথা বিবেচনা করে প্রো-ভিসি পদে অভ্যন্তরীণ যোগ্য ও অভিজ্ঞ অধ্যাপকদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।