নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১১ মে) সকালে মহানগরীর ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত Pan Asia Clothing Ltd কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর হঠাৎ কয়েকজন মাথা ঘুরে পড়ে যান। পরে দ্রুতই আরও অনেক শ্রমিক একই ধরনের উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। এতে অন্তত ৫০ থেকে ৫৫ জন শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থ শ্রমিকদের তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ শ্রমিককে ছেড়ে দেওয়া হলেও কয়েকজন এখনও চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত।
কারখানার সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ বলেন, কারখানাটিতে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কর্মরত। হঠাৎ করে বহু শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, শ্রমিকদের মধ্যে মনস্তাত্ত্বিক কারণে সৃষ্ট অসুস্থতা (ম্যাস সাইকোজেনিক ডিজিজ) দেখা দিতে পারে। অনেকের মাথা ঘোরা ও বমির উপসর্গ ছিল।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী এটি ম্যাস সাইকোজেনিক ডিজিজ হতে পারে। সবাই বর্তমানে আশঙ্কামুক্ত এবং অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ঘটনাটি ঘিরে কারখানা এলাকায় শ্রমিকদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

