মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ পৌরসভায় উন্নয়ন ও নাগরিক সেবায় এসেছে নতুন গতি। পৌরসভার প্রকৌশলী মোয়াক্ষির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হওয়ায় সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো মেরামত ও নতুন রাস্তা নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তার দুর্ভোগ কমে আসায় স্বস্তি ফিরেছে পৌরবাসীর মধ্যে। একইসঙ্গে পানি নিষ্কাশনের সমস্যা সমাধানে নতুন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং পুরাতন ড্রেন সংস্কারের কাজও চলমান রয়েছে।
নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবায় কার্যকর উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়া সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন প্রকৌশলী মোয়াক্ষির হোসেন।
মশার উপদ্রব কমাতে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, সরকারি-বেসরকারি অফিস ও গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
স্থানীয়দের মতে, উন্নয়ন কাজের মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ফলে পৌর এলাকার সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। নাগরিক সুবিধা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করছেন।
সচেতন মহলের মতে, এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে মেলান্দহ পৌরসভা ভবিষ্যতে আরও আধুনিক ও জনবান্ধব পৌর এলাকায় রূপান্তরিত হবে।

