মো. রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩ নম্বর বিট এলাকায় ওপেন হাউস ডে উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ-মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা।
বক্তারা বলেন, সমাজ থেকে চুরি, ডাকাতি, দস্যুতা, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার অপরাধ এবং মাদক কেনাবেচা ও সেবনসহ সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমনে স্থায়ী সমাধান সম্ভব নয়।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় কাজ করছে। সমাজকে অপরাধমুক্ত রাখতে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে এবং যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানাতে হবে।”
সভায় আরও বলা হয়, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সহসভাপতি মাওলানা আলা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার রুনু, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ বাবলু এবং ইউনিয়ন বিএনপির সহসভাপতি রেজাউল করিম মহন মিয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জসিম উদ্দিন ও এএসআই বেলাল।
ওপেন হাউস ডে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

