স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে “রামচন্দ্রপুর দাইবাড়ি খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ উন্নয়ন প্রকল্পের সূচনা হয়।
উদ্বোধন শেষে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপি কর্মসূচির আওতায় এ খন কাজ পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খালটি পুনঃখনন করা হলে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি কাজে সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও এ প্রকল্প ভূমিকা রাখবে।
নড়াইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. মেহেরুন নেছা জানান, প্রাথমিকভাবে ৯৫০ মিটার দৈর্ঘ্য ও ৮ মিটার প্রস্থের এ খাল ২৫ লাখ টাকা ব্যয়ে পুনঃখনন কাজ করা হবে।

