খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় পানিতে ডুবে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মোঃ আলামিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে আব্দুল্লাহ তার সমবয়সী বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে খেলতে যায়। দুপুরে আজানের পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় এলাকায় উদ্বেগ ও হতাশার সৃষ্টি হয়।
পরে বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর ঢালু এলাকায় তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে খালিয়াজুড়ি থানা পুলিশের এসআই মঞ্জুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় চেয়ারম্যান মোঃ শামীম মড়ল, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

