যশোর প্রতিনিধি
যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে দড়াটানা এলাকায় বহুমুখী সেতু নির্মাণের দাবি জানিয়েছে অরাজনৈতিক সংগঠন জনউদ্যোগ। এ দাবিতে বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় ঘোপ নওয়াপাড়া রোডে আইইডি কেন্দ্র কার্যালয়ের কনফারেন্স রুমে এক মিডিয়া ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনউদ্যোগ, যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদ। লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের সদস্য ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু।
বক্তারা বলেন, যশোর শহরে প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থী, অভিভাবক, অফিসগামী মানুষ ও রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে রিকশা, মোটরসাইকেল ও থ্রিহুইলারের বেপরোয়া চলাচলের কারণে শহরে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা বাড়ছে।
তারা আরও বলেন, শহরের যানজটের অন্যতম প্রধান কেন্দ্র দড়াটানা এলাকা। দিনের অধিকাংশ সময় সেখানে যানজট লেগেই থাকে। বিভিন্ন সময়ে প্রশাসনের নানা উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি। বরং বিকল্প সড়ক ব্যবহারের কারণে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
জনউদ্যোগের পক্ষ থেকে বলা হয়, দড়াটানা সেতুর উত্তর পাশে তিনটি এবং দক্ষিণ পাশে চারটি সড়ক রয়েছে। এসব সড়কের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে আধুনিক ও বহুমুখী সেতু নির্মাণ জরুরি। প্রয়োজনে বহুতলবিশিষ্ট বা একাধিক ফ্লাইওভার সম্বলিত সেতু নির্মাণের প্রস্তাবও তুলে ধরা হয়।
বক্তারা দাবি করেন, পরিকল্পিতভাবে সেতু নির্মাণ করা গেলে যানজট নিরসনের পাশাপাশি ভৈরব নদের ওপর চাপ কমবে এবং শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
এছাড়া গরীব শাহ এলাকা ও কাঠের পুল সংলগ্ন স্থানে আরও দুটি বিকল্প সেতু নির্মাণের প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে শহরের পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহন সহজেই ভৈরব নদ পার হয়ে হাসপাতালসহ উত্তরাঞ্চলে যেতে পারবে বলে মত দেন তারা।
মিডিয়া ক্যাম্পেইনে যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের দৃষ্টি আকর্ষণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনউদ্যোগের সদস্য অ্যাডভোকেট আবুল হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সৈয়দা মাসুমা বেগম, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকারসহ অন্যান্যরা।

