বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোঃ সাগর (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) ভোররাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত সাগর পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা। তিনি মোঃ মিন্টু সরকার ও মোসাঃ লিলি বেগমের ছেলে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে বা কোন যানবাহনের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলের পাশে রক্তের দাগ এবং ছিটকে পড়া গাছের ডালপালা দেখে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

