মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
“সাইবার বুলিং ও লিঙ্গভিত্তিক অনলাইন সহিংসতা: ঝুঁকি, প্রভাব ও প্রতিরোধ” শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনার মঙ্গলবার (১৬ জুন ২০২৬) জামালপুরের পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), জামালপুরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুরের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সমাজসেবীরা অংশগ্রহণ করেন। এতে অনলাইন নিরাপত্তা, সাইবার বুলিং, নারীদের প্রতি ডিজিটাল সহিংসতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুরের মহাপরিচালক আনোয়ার হোসেন। তিনি বলেন, ডিজিটাল যুগে প্রযুক্তির সুফল গ্রহণের পাশাপাশি এর ঝুঁকি সম্পর্কেও সচেতন থাকা জরুরি। তরুণ প্রজন্মকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার বুলিং ও লিঙ্গভিত্তিক অনলাইন সহিংসতা বিষয়ে বিশেষজ্ঞ শেখ মাহাবুল হোসেন রাজীব। তিনি বলেন, অনলাইন হয়রানির শিকার ব্যক্তিরা অনেক সময় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এসব প্রতিরোধে সামাজিক সচেতনতা ও ভুক্তভোগীদের জন্য আইনি সহায়তা নিশ্চিত করা জরুরি।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক। তিনি বলেন, সাইবার বুলিং মানসিক চাপ, উদ্বেগ ও হতাশার মতো স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করতে পারে। এটিকে জনস্বাস্থ্যগত সমস্যাও হিসেবে বিবেচনা করা উচিত।
আরেক আলোচক ডা. মোবাশ্বিরা বলেন, নারী ও কিশোরীদের বিরুদ্ধে অনলাইন সহিংসতা প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সংবেদনশীল হতে হবে।
সেমিনারে বক্তারা বলেন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম জীবনকে সহজ করলেও এর অপব্যবহারে সাইবার বুলিং, ভুয়া তথ্য প্রচার ও ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো সমস্যা বাড়ছে। এ অবস্থায় ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং অনলাইন হয়রানির ঘটনা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুনজুরুল কবীর মুনজুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
সেমিনারের শেষে অংশগ্রহণকারীরা নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

