Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ১৯, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো তিনদিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা শুরু হয়েছে। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

শুক্রবার (১৯ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন।

প্রতিযোগিতায় নারী ও পুরুষ বিভাগে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে চারজন করে মোট আটজন খেলোয়াড় অংশ নিচ্ছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মো. লুত্ফর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক এবং প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শফিউল করিম।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের ক্রিকেট ও নারী ফুটবল আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সুনাগরিক গঠনের পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সরকার ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে।

ভাইস-চ্যান্সেলর আরও বলেন, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করবে। বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ শিক্ষার্থীদের দেশে-বিদেশে প্রশিক্ষণের সুযোগ প্রদানে সহায়তা করা হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের অংশগ্রহণ আরও বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত “আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা ২০২৫-২০২৬”-এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।

তিনদিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী রবিবার শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, বিভাগীয় প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।