বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয়ের ঝুঁকি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিল্পপতি ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ।
শুক্রবার (১৯ জুন) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে এএম স্পোর্টস একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, খেলাধুলা কিশোর ও যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খল জীবন গঠনে সহায়তা করে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, একটি সুস্থ, সচেতন ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলাই সবচেয়ে কার্যকর মাধ্যম। তাই প্রত্যেক এলাকায় খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান শিমুল সিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইন উদ্দিন সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. মিজানুর রহমান শামীম, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মো. শাহে আলম, বাবুগঞ্জ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আউয়াল এবং বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম।
একাডেমি সূত্রে জানা যায়, উদ্বোধনের দিনেই প্রাথমিক পর্যায়ে ফুটবল প্রশিক্ষণে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাকির হোসেন সুমন এবং ক্রীড়া সংগঠক নুরুল ইসলাম মাস্টার।
এএম স্পোর্টস একাডেমির চেয়ারম্যান আসাদুল্লাহ বলেন, মাদক ও বিভিন্ন নেতিবাচক আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ফুটবলারসহ দক্ষ খেলোয়াড় তৈরি করাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

