যশোর প্রতিনিধি
যশোরে একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩১টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সোনা পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটকরা হলেন নড়াইলের নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহবুবুল হক (৪৫) এবং যশোর শহরতলির বালিয়া ভেকুটিয়া এলাকার সানু মিয়ার ছেলে আনিস (৩৬)।
শনিবার (২০ জুন) দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ঢাকা থেকে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-ভ ১১-১৩৯১) বিপুল পরিমাণ সোনার বার ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল ঝুমঝুমপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে সড়কে ব্যারিকেড স্থাপন করে।
সকালে সন্দেহভাজন গাড়িটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে ৩১টি সোনার বার উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবি জানায়, জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে উদ্ধারকৃত বারগুলো খাঁটি সোনা। এসব সোনার মোট ওজন ৬ কেজি ৪১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা।
এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং ৪ হাজার ৮১৫ টাকা নগদ অর্থ জব্দ করা হয়।
বিজিবির দাবি, আটক দুই ব্যক্তি সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

