Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে যশোর নগর ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

যশোর প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া ও অসদাচরণের অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে যশোর জেলা ছাত্রদল।

শুক্রবার (২০ জুন) জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুন সুমন আহমেদের কাছে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত দায়িত্ব পালনের সময় তিনি পুলিশের সঙ্গে অসদাচরণ করেন এবং দায়িত্ব পালনে বাধা দেন বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে তার বিরুদ্ধে সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উত্থাপিত হয়।

জেলা ছাত্রদলের মতে, এসব কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছিল।

পরবর্তীতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে একাধিক ধাপে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সুমন আহমেদকে নগর ছাত্রদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা ছাত্রদল জানিয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।