Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদকবিরোধী অবস্থান নেওয়ায় বিএনপি নেতার ওপর হামলা

Link Copied!

আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অবস্থান নেওয়ার জেরে বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া বাজার (আনামুখধোয়া বাজার) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সালুয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম মধু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ কারণে তিনি একটি চক্রের বিরাগভাজন হয়ে পড়েন বলে দাবি স্থানীয়দের।

অভিযোগ রয়েছে, দক্ষিণ সালুয়া গ্রামের কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদক ব্যবসার পাশাপাশি জুয়ার আসর পরিচালনা, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে প্রকাশ্যে প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে হামলার শিকার করা হয়েছে বলে দাবি করা হয়।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে বাড়ি থেকে ডুমরাকান্দা বাজারের উদ্দেশ্যে রওনা হলে আনামুখধোয়া বাজার এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিরা প্রায়ই হুমকি ও হামলার শিকার হচ্ছেন, যা উদ্বেগজনক।

এ ঘটনায় কামরুল ইসলাম মধু মেম্বার বাদী হয়ে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দীন জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। অন্যদিকে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত দোষীদের আইনের আওতায় আনা না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তারা মাদক ও অপরাধ দমনে কঠোর পদক্ষেপ এবং মাদকবিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।