স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে মেধাবৃত্তি পেয়েছে ১৪৩ জন কৃতি শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে শনিবার (২০ জুন) দুপুরে শহরের রূপগঞ্জ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হায়দার আলী দেওয়ান, ব্যবসায়ী সৈয়দ আহাদ আলী এবং হলি চাইল্ড কেয়ার হোম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আসলাম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসমুস সাকিব ব্রাইট ও প্রবীর চক্রবর্তী।
অনুষ্ঠানে জেলার ৩ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
সূত্রে জানা যায়, এ মেধাবৃত্তি পরীক্ষায় নড়াইল জেলার ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের মোট ৪৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫৬ জন এবং সাধারণ গ্রেডে ৮৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।

