বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ, সরকারি স্বরূপকাঠী কলেজ ও বরিশাল তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসাইনের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মিলনায়তনে বাবুগঞ্জ টিচার্স ক্লাব এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর যৌথ উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহে আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল, আগরপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি এ.এফ.এম. জালাল আহমেদ, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শামীম, সাবেক প্রধান শিক্ষক মাসুদ আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, প্রফেসর মোক্তার হোসাইন ছিলেন একজন আদর্শ শিক্ষক, দক্ষ শিক্ষাপ্রশাসক ও সমাজ সংস্কারক। সরকারি বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক হিসেবে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তারা আরও বলেন, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা এবং স্থানীয় শিক্ষা বিস্তারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

