Nabadhara
ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘বিএনপিকে পাত্তা না দিলে কুমারখালী-খোকসায় থাকা যাবে না’— প্রশাসনকে এমপি ফরিদা ইয়াসমিন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ২১, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার সংরক্ষিত নারী সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন বলেছেন, বিএনপির নেতাকর্মীদের অবমূল্যায়ন বা হয়রানি করা হলে তা মেনে নেওয়া হবে না। কোনো প্রশাসনিক কর্মকর্তা বিএনপির নেতাকর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় কুমারখালী ডাকবাংলোয় উপজেলা, পৌর ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা ইয়াসমিন বলেন, “আমার নেতাকর্মীরা বঞ্চিত ও নির্যাতিত হলে আমি তা সহ্য করব না। যে প্রশাসন বিএনপির নেতাকর্মীদের পাত্তা দেয় না, তাদের উদ্দেশ্যে বলতে চাই— কুমারখালী-খোকসায় দায়িত্ব পালন করতে হলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, প্রশাসনের কাজ জনগণের কল্যাণে নিয়োজিত থাকা। তবে বিএনপির নেতাকর্মীদের হয়রানি বা নির্যাতনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এমপি ফরিদা ইয়াসমিন অভিযোগ করে বলেন, “আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন নির্যাতন ও বঞ্চনার শিকার হয়েছেন। এখন আবার যদি একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়, তা মেনে নেওয়া হবে না।”

বিরোধী রাজনৈতিক শক্তির উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা দীর্ঘ সময় রাজনীতি করার সুযোগ পাইনি। এখন সবাই শান্তিপূর্ণভাবে রাজনীতি করুন। কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের বৈরী আচরণ করা হলে তার জবাব দেওয়া হবে।”

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমি সবাইকে এক ছাতার নিচে আনার চেষ্টা করেছি। কিন্তু কেউ যদি সহযোগিতা না করেন, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হব। আমি সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি, কাউকে তোষামোদ করে নয়।”

কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলাল, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমেসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।