ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (২১ জুন) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত প্রান্ত ফরিদপুরের মধুখালী উপজেলার পাড়াখোলা গ্রামের মির্জা ইসকান্দার হায়দারের ছেলে এবং ফরিদপুর আইন কলেজের ছাত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিজ বাড়ির কাছ থেকে ডিবি পুলিশের একটি দল প্রান্তকে আটক করে। এ সময় তার কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে বলে দাবি করে পুলিশ তাকে ফরিদপুরে নিয়ে যায়। পরে রোববার সকালে পরিবারের সদস্যরা তার মৃত্যুর সংবাদ পান।
নিহতের মা মির্জা খাদিজা আক্তার নিপা অভিযোগ করেন, ডিবি হেফাজতে তার ছেলেকে বেধড়ক মারধর করা হয়েছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “মাদকসহ প্রান্তকে আটক করা হয়েছিল। রোববার সকালে সে অসুস্থ বোধ করলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া প্রান্ত কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিনা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

